
প্রকাশিত,১৭, নভেম্বর,২০২৩
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠিঃ
ঘূর্ণিঝড় ‘মিধিলির’ প্রভাবে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবন অচল হয়ে পড়েছে। বৃষ্টিতে ভোগান্তি বাড়েছে শ্রমজীবী ও দিনমজুর গরীব মানুষের। উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে জান-মালের নিরাপত্তা রক্ষায় নিরাপদ আশ্রয়ে যেতে মাইকে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। জেলা তথ্য অফিসের মাইক ও স্থানীয় মসজিদে মাইকে ঘোষণা দিতে নির্দেশ দেয় প্রশাসন। তবে স্থানীয় নদী তীরবর্তী বাসিন্দারা আশ্রয়কেন্দ্রমুখী হচ্ছেন না। তাদের দাবি সন্ধ্যা পর্যন্ত দেখে অবস্থা বেগতিক হলে তখন আশ্রয় কেন্দ্র যাবেন।
সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। নদী তীরের মানুষের মধ্যে ঘূর্ণিঝড় আতঙ্ক দেখা দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া শহরের রাস্তা-ঘাটে বের হচ্ছে না কেউ।
ঝালকাঠি মহিলা কলেজের সামনে রাস্তায় বড় রেইন্ট্রি গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছটি কেটে সরিয়ে ফেলে। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে এবং কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ঝালকাঠিতে সারা দিন বিদ্যুৎ ছিল না।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মিধিলি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা সদর ও উপজেলা পর্যায়ে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। জেলায় ৪২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৫৯ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া ৩৭ টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের ৩ টি উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। নগদ ৩ লাখ ২৩ হাজার টাকা, ৩৫০ মেট্রিক টন ত্রানের চাল বিতরণের জন্য মজুদ আছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও স্বেচ্ছাসেবক টিমও পস্তুত রয়েছে।
ঘূর্ণিঝড় শুরু হলে নদী তীরের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, ' ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় ঝালকাঠি জেলা প্রশাসন প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে জরুরি সভা করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোলরুম খোলা, আশ্রয় কেন্দ্র, মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। এছাড়া নগদ টাকা, ত্রানের চাল বিতরণের জন্য মওজুদ আছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও স্বেচ্ছাসেবক টিমও পস্তুত রয়েছে।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, 'জেলা পুলিশ ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোন দূর্যোগে পুলিশ জনগণের পাশে থেকে জানমালের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।'