
প্রকাশিত,১৮, আগস্ট,২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর শাহবাগে অবস্থিত আজিজ সুপার মার্কেট। মার্কেটের দ্বিতীয় ও নিচতলায় খন্দকার মনির উদ্দিন আহম্মদ নামের এক ব্যবসায়ীর চারটি দোকান প্রায় ৩০ বছর ধরে দখল করে আছেন শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন।
এতো দিন ধরে দোকানগুলোর রাজস্বও পাচ্ছে না সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, মার্কেটের দ্বিতীয় তলার ৩৫ নং দোকানের ১৯৯৭-৯৮ সালের প্রথম কিস্তি থেকে ২০২২-২৩ সালের চতুর্থ কিস্তি পর্যন্ত ৮৯ হাজার ২৫০ টাকা, ৪২ নং দোকানের ১৯৯৯-২০০০ সালের প্রথম কিস্তি থেকে ২০২২-২৩ সালের চতুর্থ কিস্তি পর্যন্ত ৮২ হাজার ৩৫০ টাকা, ১৯৯৮-৯৯ সালের দ্বিতীয় কিস্তি থেকে এক লাখ ৬৯ হাজার ৮৭৫ টাকা এবং নিচ তলার ৬০ নং দোকানের ১৯৯৪-৯৫ সালের প্রথম কিস্তি থেকে ২০২২-২৩ সালের চতুর্থ কিস্তি পর্যন্ত ৯৯ হাজার ৬০০ টাকা বকেয়া বাকি রয়েছে। এই দোকানগুলো মনির উদ্দিনের নামে থাকলেও দোকানগুলো তার দখলে নেই। বরং মোশাররফ হোসেন দোকানগুলো জোর করে দখল করে আছেন। দোকান মনির উদ্দিনের দখলে না থাকায় সেই রাজস্ব করা সম্ভব হচ্ছে না।
আজিজ কোঅপারেটিভ সোসাইটির গাড়ি পার্কিংয়ের র্যা ম্প দখল করে খাবার হোটেল :
রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের পাশেই তৈরী করা হয়েছে আজিজ কোঅপারেটিভ সোসাইটি। ১৬০টি ফ্ল্যাটের ভবনটিতে বাসিন্দাদের ব্যক্তিগত গাড়ি রাখার জন্য পার্কিং রয়েছে চার তলা পর্যন্ত। কিন্তু তারা এ পার্কি ব্যবহার করতে পারেন না। কেননা কিন্তু পার্কিংয়ের র্যা ম্প (গাড়ি ওঠানামার ঢালু পথ) দখল করে শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন রেস্টুরেন্ট নির্মাণ করে ব্যবসা করছেন।
বর্তমানে শাহবাগ আওয়ামী লীগের কমিটি না থাকলেও ক্ষমতা দেখিয়ে তিনি এ রাস্তা ছাড়ছেন না বলে অভিযোগ আজিজ কো অপারেটিভ ফ্লাট মালিক সমিতির। সোসাইটির বাসিন্দারা আশপাশের রাস্তাতেই গাড়ি রাখেন। এতে করে পার্শ্ববর্তী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) মাঝের সড়কসহ চারপাশের রাস্তা ব্যবহার করতে ভোগান্তিতে পড়েন হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা মানুষেরা।
এদিকে দখল হওয়া র্যা ম্প উদ্ধারে আজিজ কোঅপারেটিভ সোসাইটির বাসিন্দারা স্থানীয় কাউন্সিলরসহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দিয়েও কোনও প্রতিকার পাচ্ছেন না। এমনকি অভিযোগ দেওয়ার কারণেও দখলদারদের হুমকি-ধমকি হজম করতে হচ্ছে তাদের।
স্থানীয় কাউন্সিলরের কাছে লিখিত অভিযোগে সোসাইটির বাসিন্দারা বলছেন, আজিজ কো অপারেটিভ সোসাইটিতে অনেকগুলো পরিবার বসবাস করে, যাদের অনেকের ব্যাক্তিগত ব্যবহারের জন্য গাড়ী রয়েছে এবং এখানে বসবাসরতদের গাড়ী রাখার জন্য চারতলা পর্যন্ত পার্কিং এর ব্যবস্থা নকশা অনুযায়ী থাকলেও গাড়ী ওঠানোর যেই র্যা ম্প রয়েছে তা ২০০৯ সাল থেকে এখনও পর্যন্ত সৈয়দ মোশাররফ হোসেন অবৈধভাবে দখল করে একটি হোটেল স্থাপন করেছেন।
এই হোটেলে অবৈধ বিদ্যুৎ ও নিষিদ্ধ সিলিন্ডার গ্যাস ব্যবহার করে হোটেলটি পরিচালনা করা হচ্ছে। এখানে আরো উল্লেখ থাকে যে, এই হোটেলটির পাশে দুইটি গুরুত্বপূর্ণ স্থাপনা (বিসিএস প্রশাসন একাডেমি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) রয়েছে । নিষিদ্ধ সিলিন্ডার গ্যাস ব্যবহারের ফলে এখানে যেকোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার মাধ্যমে অনেকে হতাহত হতে পারে এবং র্যাম্পটি অবৈধভাবে দখল করে রাখার ফলে আজিজ কো অপারেটিভ সোসাইটিতে বসবাসকারীরা তাদের ব্যাক্তিগত গাড়ী বৈধ পার্কিং ব্যবহার করতে না পেরে যত্রতত্র রাখতে বাধ্য হচ্ছেন।
আজিজ কোঅপারেটিভ সোসাইটির বাসিন্দা এবং সাবেক সচিব এ. কে. মোহাম্মদ হোসেন বলেন, ‘আমরা অনেক জায়গাতে অভিযোগ দিয়েও কোনও প্রতিকার পাইনি। র্যা ম্প দখল করে নির্মাণ করা হোটেলে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও নিষিদ্ধ সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছে। হোটেলটির পাশে বিসিএস প্রশাসন একাডেমি ও পিজি হাসপাতাল রয়েছে। ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহার করার কারণে যেকোনও সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
র্যা ম্প দখল করে রেস্টুরেন্ট বানানোর কারণ জানতে চাইলে সৈয়দ মোশাররফ হোসেন বলেন, এখানে এলাকার যুবকেরা আড্ডাবাজি করার কারণে পরিবেশ নষ্ট হচ্ছিল। এ কারণেই এখানে রেস্টুরেন্ট বানানো হয়েছে। এছাড়া র্যা ম্পটি আমাদের ওষুধ মার্কেটের সাথে হওয়ায় আমরা মার্কেটের আয় বাড়াতে এটি ভাড়া দিয়েছি।
র্যা ম্পটি দখল করা প্রসঙ্গে স্থানীয় ২১ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ বলেন, সোসাইটির বাসিন্দারা অভিযোগ দেওয়ার পর আমি মোশাররফ সাহেবকে র্যা ম্পটির দখল ছেড়ে দিতে বলেছি। কিন্তু তিনি না ছাড়লে তো আমার কিছু করার নাই।
ভাড়া না দিয়ে দখলে রেখেছেন ফ্ল্যাট :
রাজধানীর শাহবাগের নবাব হাবিবুল্লাহ রোডে ‘‘আকবর নকশী প্যালেস’’ নামক বিল্ডিং তৈরী করেছে এম্পায়ার গ্রুপ। এই বিল্ডিংয়ের ৮/এ নাম্বার ফ্ল্যাটে থাকেন মো. মোশারফ হোসেন। সেখানে ২০১৭ সাল থেকে বসবাস করছেন তিনি।
তবে গত এক বছর ধরে তিনি ভাড়া না দিয়ে গ্রুপের লোকজনদের সঙ্গে অসদাচরণ করছেন বলে জানিয়েছে কোম্পানিটি। এ কারণে ২০২১ সালের ২২ নভেম্বর এবং ২০২২ সালের ৩১ জানুয়ারি বকেয়া পরিশোধ করতে দুইটি লিখিত নোটিশ পাঠানো হয় তাকে। এছাড়া ২০২১ সালের ৯ ডিসেম্বর তাকে কোম্পানির আইনজীবির মাধ্যমে একটি লিগ্যাল নোটিশও প্রদান করা হয়। একারণে গত বছরের ২২ ফেব্রুয়ারি মোশাররফ হোসেন ভবনের হিসাবরক্ষণ অফিসার শাহ মো. সোহেল ও কেয়ারটেকার মো. ফেরদৌসকে বাসা ছেড়ে দেবেন না বলে মর্মে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন মোশাররফ। এর দুইদিন পর তার নামে শাহবাগ থানায় সাধারণ ডায়েরিও করা হয় (জিডি নং- ১৭৮৯)।
পরবর্তীতে এ বিষয়ে আকবর নকশী প্যালেস ফ্ল্যাট মালিক সমিতিতে কোম্পানিটি লিখিত অভিযোগ করলেও কোনো সমাধান হয়নি। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের ১০ মে স্থানীয় ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ বরাবর লিখিত অভিযোগ দেয় ডেভেলপমেন্ট কোম্পানি।