
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কলেজপাড়া এলাকার একটি আমবাগান থেকে ১০টি ককটেল ও বিপুল পরিমাণ গানপাউডার ও কালো বারুদ সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করেছে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে সদর থানাধীন ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এসএম কলেজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। পরে র্যাব-৫-এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় একটি আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল, ২ দশমিক ৮ কেজি গানপাউডার সদৃশ গুঁড়া পদার্থ এবং ২ দশমিক ১৫০ কেজি কালো বারুদ সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
র্যাবের ধারণা, উদ্ধার করা আলামতগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই স্থানে মজুত করে রাখতে পারে। তবে এসব আলামতের প্রকৃত ব্যবহার ও সংশ্লিষ্টদের বিষয়ে আইনগত তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে। উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।