

প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয় ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় আমনুরা মিশন প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় এবং ন্যাশনাল এজেন্সি ফর গ্রীণ রেভ্যুলেশন (এনএজিআর) ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এনএজিআর চাঁপাইনবাবগঞ্জের সহ-সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এবং ৩ নম্বর ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান ।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, মাদক মানবজীবন, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক মানুষের শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি সামাজিক অবক্ষয় ও নানা ধরনের অপরাধ বাড়িয়ে দেয়। মাদক থেকে দূরে থাকতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাল্যবিবাহ মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। অল্প বয়সে বিয়ে হলে তাদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকসহ সমাজের সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে তিনি বলেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই বাড়িঘর ও আশপাশে টব, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে বর্ষাকালে এ বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথিরা বলেন, মাদকাসক্ত ব্যক্তি বিভিন্ন অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। অনেকেই বন্ধুদের প্ররোচনা কিংবা কৌতূহল থেকে মাদক গ্রহণ শুরু করে। তাই শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা সম্পর্কে ছোটবেলা থেকেই সচেতন করতে হবে। তারা আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। অল্প বয়সে বিয়ের কারণে মেয়েদের স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং নানা ধরনের পারিবারিক ও সামাজিক সমস্যার সৃষ্টি হয়। বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানান তারা। সভায় ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি নিজ নিজ অবস্থান থেকে বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একইসঙ্গে শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সরবরাহকৃত শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি। পরে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।