
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালান মুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩৬ বোতল বিদেশী মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মোসাঃ বেলি (২৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের বকরীপাড়া (বাখর আলী) গ্রামের নাইমুরের স্ত্রী ও সাইফুলের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গতকাল বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুর ২:২৫ ঘটিকায় এসআই (নিঃ) ইমরান হোছাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চরবাগডাঙ্গা ইউনিয়নের বকরীপাড়া এলাকায় অভিযান চালান।
অভিযানকালে আসামী বেলির বসতবাড়ির উত্তর দোয়ারী চার চালা টিনের ঘরে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে আসামীর দেখানো ও শনাক্তমতে ঘর থেকে অবৈধভাবে সংগৃহীত ৩৬ (ছত্রিশ) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ জব্দ করে আসামীকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে মাদক সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।