
১প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর থানাধীন ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা (লোহাপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হানিফ ওই এলাকার মো. রুহুলের ছেলে।
এসআরবি-৫, সিপিসি-১-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হানিফের বসতবাড়ির একতলা ভবনের নির্মাণাধীন বাথরুমের ভেতরে প্লাস্টিকের ক্যারেটে অভিনব কায়দায় রাখা ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদক জব্দ করা হয়। এসআরবি জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।