

প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে এ মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও সভাপতি হুজ্জাতুল ইসলাম ড. আব্দুল্লাহ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমলা সরকারি কলেজ, কুষ্টিয়ার সাবেক অধ্যক্ষ ও বিশ্ব আহলে বাইত সংস্থা বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক আ.জ.ম. মনিরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ আল-আমিন ফার্সি শিক্ষাকেন্দ্র, রাজশাহীর পরিচালক হুজ্জাতুল ইসলাম শায়েখ আলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. নবীউল ইসলাম এবং ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মুজিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ হোসাইন।
আলোচকরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা মুসলমানদের মহানবী (সা.)-এর প্রতি গভীর ও অনুগত্যপূর্ণ ভালোবাসা প্রদর্শনের পাশাপাশি তাঁর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানান।
আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি হুজ্জাতুল ইসলাম ড. আব্দুল্লাহ মোনাজাত পরিচালনা করেন।