
প্রকাশিত, ২৭, জুলাই,২০২২
মোঃ সেলিম উদ্দিন ঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত টেকনাফ উপজেলার শিক্ষার্থীদের সেবামূলক সংগঠন 'চট্রগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব টেকনাফ - (চুসাট)' এর ২০২২-২০২৩ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। ২৬ ই জুলাই এই নির্বাচনী ফল ঘোষণা করেন এসোসিয়েশনের নির্বাচনী দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকৌশল অনুষদের ডিন ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত অধ্যাপক, জনাব ড. রাশেদ মোস্তফা । সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক, জনাব ড. আমির হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের নব-নিযুক্ত প্রভাষক, জনাব ইব্রাহিম আল হায়দার।
এসোসিয়েশনের প্যাডে প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক ঘোষণায় ২০২২-২০২৩ সেশনের জন্য সভাপতি হিসেবে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী শাকিল খানের নাম প্রকাশ করা হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই চুসাট সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করে আসছে; যা চুসাটের উপদেষ্টাবৃন্দ সরাসরি পর্যবেক্ষণ করেন। ঘোষিত নির্ধারিত তারিখে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের নির্ধারিত সময়সীমার মধ্যে উল্লেখিত পদদ্বয়ের কোনটির বিপরীতেই একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায়, নির্বাচন কমিশন মনোনয়নপত্র সংগ্রহ করার সময়সীমা একদিন বৃদ্ধি করে। এই বর্ধিত সময়ের মধ্যেও কোন নতুন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায়, নির্বাচনী নীতিমালা অনুসারে মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করেছে।
দেশের সর্ববৃহৎ আয়তনের স্বায়ত্তশাসিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপনারত টেকনাফ উপজেলার শিক্ষকমণ্ডলী চুসাটের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় টেকনাফ উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে চুসাট। টেকনাফ থেকে চট্টগ্রাম শহরে পড়তে যাওয়া বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গাইডলাইন প্রদান করে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে এই অরাজনৈতিক ও সেবামূলক ছাত্র সংগঠনটি।
''সৌহার্দ্য ও সম্প্রতির বার্তা নিয়ে গড়ে ওঠা চুসাট প্রতিবছর প্রাণবন্ত আনন্দভ্রমণ, ইফতার মাহফিল আয়োজন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ সেবা, চট্টগ্রামের হাসপাতাগুলোয় টেকনাফসহ বিভিন্ন এলাকার রোগীদের জন্য রক্তদানের মতো কার্যক্রম সম্পন্ন করে থাকে। টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগে অধ্যয়ন করছেন যারা চুসাটের বিভিন্ন ইভেন্টে অংশগ্রণের মাধ্যমে চট্টগ্রাম বুকে রচনা করে একখণ্ড টেকনাফের। সামনের দিনগুলোয় সুশিক্ষিত ও মাদকমুক্ত টেকনাফ গড়ার লক্ষে আরো বেশি সক্রিয় ভূমিকা পালনের কথা জানান চুসাটের নীতিনির্ধারকমহল।