প্রকাশিত,১৭ এপ্রিল, ২০২১
চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডমারা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন নির্মাণাধীন একটি বিদ্যুৎকেন্দ্রের চার শ্রমিক। আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন শ্রমিক।
শনিবার ১৭ এপ্রিল সকালে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় শ্রমিকরা বেতনভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করলে পুলিশের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ চলছিল।
সকালে শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চার শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের বাঁশখালি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এই পর্যন্ত গুলিবিদ্ধ ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়েছে। সেখানে এক জনের মৃত্যু হয়।
বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানাগেছে।