
প্রকাশিত
হারুন অর রশিদ
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর ভাঙ্গামোড় কুটিপাড়া গ্রামে ঘাঘট নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে।
এতে নদী তীরবর্তী বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে একটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া আরও ৫ থেকে ৬টি বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় এসব বাড়িও নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
শুধু বসতবাড়িই নয়, গ্রামের একটি মসজিদ ও ঈদগাহ মাঠও বর্তমানে নদী ভাঙনের হুমকির মুখে রয়েছে। ভাঙন অব্যাহত থাকলে গুরুত্বপূর্ণ এই ধর্মীয় ও সামাজিক স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, প্রতিদিনই নদীর পাড় ভেঙে যাচ্ছে। ফলে ঘরবাড়ি হারানোর শঙ্কায় তারা মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের দাবি, ভাঙন প্রতিরোধে দ্রুত জিও ব্যাগ ফেলা ও স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া না হলে গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।