গোপালগঞ্জ সরকারি মডেল স্কুলের ২০০০ ব্যাচের বর্ণিল ঈদ পুনর্মিলনী,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-২২, ১০:৫০ অপরাহ্ন /
গোপালগঞ্জ সরকারি মডেল স্কুলের ২০০০ ব্যাচের বর্ণিল ঈদ পুনর্মিলনী,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে গোপালগঞ্জ সরকারি মডেল স্কুলের ২০০০ সালের শিক্ষার্থীদের উদ্যোগে ঈদের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক বর্ণিল উৎসব। শহরের এন্টালিয়া পার্কে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় আবেগঘন এক পুনর্মিলনীতে, যেখানে অংশ নেন ব্যাচের বিপুলসংখ্যক সাবেক শিক্ষার্থী।

দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় সবার মধ্যে তৈরি হয় উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশ। পুরোনো দিনের স্মৃতিচারণ, প্রাণখোলা আড্ডা ও আন্তরিক খোঁজখবর নেওয়ায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনেকেই ফিরে যান স্কুলজীবনের সোনালি স্মৃতিতে—বন্ধুত্ব, দুষ্টুমি আর নির্ভেজাল আনন্দের দিনগুলো যেন আবারও জীবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাচের শিক্ষার্থী নিকোলাস বিশ্বাস। তাঁর নেতৃত্বে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজ। প্রতিটি আয়োজনে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণ উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলে।
অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন শুধু আনন্দের নয়, বরং পুরোনো বন্ধুত্ব ও সম্পর্ককে নতুন করে দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। ভবিষ্যতেও এমন মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
আয়োজকদের ভাষ্য, ব্যস্ত জীবনের মাঝেও সহপাঠীদের সঙ্গে কিছু সময় কাটানোর এই সুযোগ সবার জন্যই ছিল বিশেষ ও স্মরণীয়। দিনব্যাপী এ উৎসব শেষে সবার মুখে ছিল তৃপ্তির হাসি, আর মনে ছিল আবারও এমন আয়োজনের প্রত্যাশা।