

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি |
গোপালগঞ্জে স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান কেন্দ্র গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল-এ বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মচারীর তীব্র সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সেবা প্রত্যাশী রোগীরা। প্রতিদিন বিপুল সংখ্যক রোগী জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে হাসপাতালে আসলেও চিকিৎসা দিতে পর্যাপ্ত জনবল নেই—রবিবার ১৫ ফেব্রুয়ারির দৃশ্য, এমন অভিযোগ দীর্ঘদিনের। সেবা নিতে আসা রোগী কিংবা তাদের স্বজনদের টিকিট সংগ্রহ থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাৎ পেতে গড়ে ৪–৫ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে করে অনেক রোগীর শারীরিক অবস্থা আরও অবনতি হচ্ছে। বিশেষ করে বয়স্ক, শিশু, গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
হাসপাতালের বহির্বিভাগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের অনেকেই জানান, পর্যাপ্ত ডাক্তার ও নার্স না থাকায় সেবা কার্যক্রম অত্যন্ত ধীরগতিতে চলছে। অনেক সময় নির্ধারিত সময়ে চিকিৎসক না পাওয়ায় রোগীদের হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে কিংবা বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন।
একজন রোগীর স্বজন বলেন,
“সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। টিকিট পেতে দেরি, ডাক্তার দেখাতে আরও দেরি—এভাবে অসুস্থ মানুষ কিভাবে সুস্থ হবে?”
স্থানীয়দের অভিযোগ, জেলার মানুষের জন্য সরকারিভাবে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি জনবল সংকটের কারণে কার্যত প্রত্যাশিত সেবা দিতে ব্যর্থ হচ্ছে। দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, নার্স সংখ্যা বৃদ্ধি এবং প্রশাসনিক ব্যবস্থাপনার উন্নতি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ ন্যূনতম মানবিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।

















আপনার মতামত লিখুন :