
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:।
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ (আট) কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ। বুধবার (০৪ মার্চ ২০২৬) দুপুরে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দুপুর ১২:০০টা থেকে ১২:৩০টার মধ্যে গোপালগঞ্জ সদর থানাধীন পুলিশ লাইনস্থ বগুড়া দধি ভান্ডারের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উত্তর পাশে রাস্তার উপর তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ব-১৪-৬১৮০ নম্বরের ‘দোলা’ নামীয় একটি বাসে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আলী আজগর শেখ (২৫)। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার কাঠালতলা গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ হাসেম শেখ ও মাতা মোছা: আকলিমা বেগম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার দেহ ও বহনকৃত মালামাল তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানা-এ একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদকের সাথে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-খুলনা মহাসড়ককে মাদক পরিবহনের রুট হিসেবে ব্যবহার রোধে নিয়মিত তল্লাশি আরও জোরদার করা প্রয়োজন।