

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাওয়ার অযোগ্য প্রায় ১০ মণ গরুর মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ী আলী আকবার গাজী কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (০৪ মার্চ ২০২৬) কোটালীপাড়া পৌর কিচেন মার্কেটে পরিচালিত এ অভিযানে দেখা যায়, একটি মাংসের দোকানে অস্বাস্থ্যকর ও পচা মাংস সংরক্ষণ করে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। পরে “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১” অনুযায়ী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মিরাজ হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে কোটালীপাড়া থানা পুলিশ।
অভিযান শেষে জব্দকৃত মাংস জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে মাটিতে পুঁতে ফেলা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ যেকোনো খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং বাজারে খাদ্যের মান নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।


















আপনার মতামত লিখুন :