

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি —
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ-এ আয়োজিত এ অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক, গোপালগঞ্জ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ভাষা আন্দোলনের আত্মত্যাগ আমাদের জাতিসত্তার ভিত্তি। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও প্রজন্মের মাঝে ভাষা-চেতনা জাগ্রত রাখতে এমন আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ এবং ডাঃ কে এম বাবর, গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস, আন্তর্জাতিক পরিসরে বাংলাভাষার গুরুত্ব এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে ভাষা আন্দোলনভিত্তিক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেন।
অনুষ্ঠানটি ভাষা শহিদদের স্মরণে এক অনন্য শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।