গোপালগঞ্জে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-২৫, ৫:১৫ অপরাহ্ন /
গোপালগঞ্জে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা 

প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপান করা অন্তরা বিশ্বাস (২০) নামে এক গৃহবধূ ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে হাসপাতালের গেটেই তাঁর মৃত্যু হয়।

নিহত অন্তরা বিশ্বাস উপজেলার ৪ নম্বর পাটগাতি ইউনিয়নের দাড়িয়ারকুল গ্রামের বাসিন্দা। তিনি সুবল বিশ্বাসের স্ত্রী ও শ্রীবাস বিশ্বাসের মেয়ে। তাঁর একটি সন্তান রয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে সুবল বিশ্বাসের সঙ্গে অন্তরার বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসার স্বাভাবিকভাবেই চলছিল। তবে গত ১৪ মার্চ দুপুরে তুচ্ছ একটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও বিরোধ হয়। একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে ঘরে থাকা বিষপান করেন অন্তরা।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে একদিন চিকিৎসা নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসক তাঁকে ছাড়পত্র দেন। এরপর তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।

গত ২০ মার্চ সন্ধ্যার পর হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পৌঁছানোর পর হাসপাতালের গেটে প্রবেশের আগেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।