
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে গোপালগঞ্জে খালের বর্জ্য অপসারণ ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতানের নেতৃত্বে শহরের হেলিপ্যাড ও মার্কাজ মসজিদসংলগ্ন খালে জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়। একই সঙ্গে হাসপাতালসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ ছাড়া কর্মসূচি সফল করতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।