
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় “আলাদীনের চেরাগ” নামে পরিচিতি পেয়েছেন তুহিন কাজি নামের এক ব্যক্তি। স্থানীয়দের ভাষ্য, অল্প সময়ের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হওয়ায় এলাকায় তাকে ঘিরে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের কাউসার আলী কাজির ছেলে তুহিন কাজি একসময় মধ্যবিত্ত পরিবারের সাধারণ জীবনযাপন করতেন। তবে গত কয়েক মাসে তার আর্থিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে বলে দাবি স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর বিভিন্ন নামে-বেনামে একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। ভাটিয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে প্রতিষ্ঠা করেছেন “নাহার এন্টারপ্রাইজ”, “নাহার ফ্যাশন হাউজ”, “নাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড”, “নাহার হাউজিং” ও “নাহার রিসোর্ট” নামে বিভিন্ন প্রতিষ্ঠান।
স্থানীয়দের দাবি, এসব প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি শত একর জমি ও একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির মালিক হয়েছেন। এছাড়া একটি বাগানবাড়ি নিয়েও এলাকায় নানা গুঞ্জন রয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, দিনের বেলাতেও সাধারণ মানুষ সেখানে যেতে ভয় পান।
তুহিন কাজির আকস্মিক সম্পদ বৃদ্ধির ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে তার আয়ের উৎস কী— তা নিয়ে চলছে আলোচনা।
এ বিষয়ে তুহিন কাজির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত অনুসন্ধান নিয়ে পরবর্তীতে আরও তথ্য প্রকাশ করা হবে।