

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন নেভাতে গিয়ে ইমরান মোল্লা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে শহরতলীর লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মহসিন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চরমানিকদাহ গ্রামের পলু মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে চাচাতো ভাই ইমরান মোল্লা আগুন নেভাতে সেখানে যান। একপর্যায়ে তিনি একটি লাঠি দিয়ে মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
গুরুতর অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এতে বসতঘরের কিছু অংশ পুড়ে যায়।