
গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ওই এলাকার বরমী-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর থানার বীর আহমেদপুর এলাকার কামাল হোসেনের ছেলে সোহেল (৪০) ও কিশোরগঞ্জের সোলায়মান মিয়ার ছেলে হানিফ (৩০)।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সুমন মিয়া জানান, শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় বরমী-মাওনা সড়কে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় মাওনাগামী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পিছনে সংঘর্ষ হয়। এতে ওই অটোরিকশার সবাই আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোহেল ও হানিফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম এ সাঈদ লিয়ন জানান, রাত ৯ টার দিকে মৃত অবস্থায় সোহেল ও হানিফকে নিয়ে আসা হয়।
০৯-১০-২০ইং