
প্রকাশিত,০২, মার্চ,২০২৩
মেহেদী হাসান শাহীন, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ এলাকার তিনটি মুদি দোকানের তালা কেটে ১৮৬ বস্তা চাউল লুটে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।
চুরি হওয়া ১৮৬ বস্তা চাউলের মধ্যে ১২০ বস্তা চাউল বুধবার (১ মার্চ) সকালে টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো টাঙ্গাইলের কালিহাতি থানার নারান্দিয়া এলাকার মো. শুকুর আলী (২৬), একই জেলা ও থানার মালতি এলাকার আব্দুল হাই (৩৭), টাঙ্গাইলের ভুয়াপুর থানার সিরাজকান্দি এলাকার আব্দুল আলিম (৫২) এবং একই এলাকার আঃ মালেক সরকার (৫২)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আশরাফুল ইসলাম জানান, গত ১৪ ফেব্রুয়ারী রাতে নগরের কোনাবাড়ি আমবাগ এলাকার তিনটি মুদি দোকানের তালা কেটে ১৮৬ বস্তা চাউল লুটে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি চাউল ব্যবসায়ি নুরুল ইসলাম বাদি হয়ে কোনাবাড়ি থানায় মামলা দায়ের করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার এসআই ফোরকান মোল্লা আরো জানান, গত ১৮ জানুয়ারি রাতে গাজীপুর সদর থানার বাঙ্গালগাছ বাজারের এক দোকান থেকে ২৩৩ বস্তা চাউল লুট হয়েছিল। ওই ঘটনায় পুলিশ ১ ফেব্রুয়ারি দিবাগত রাতে ২২০ বস্তা চাউল উদ্ধার সহ চোর চক্রের চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্য মতে বুধবার সকালে কোনাবাড়ি থানা পুলিশ টাঙ্গাইলে অভিযান চালিয়ে আরো চারজনকে গ্রেফতার এবং আমবাগ থেকে লুট হওয়া চালের ১২০ বস্তা চাউল উদ্ধার ও একটি পিকআপ জব্দ করেছে। বুধবার তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাদের রিমান্ড শুনানীর দিন ধার্য করেছে আদালত।