
প্রকাশিত
মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামে জিয়ালা (বার্বাডোজ নাট) গাছের ফল খেয়ে অন্তত ১৪ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
তাদের মধ্যে ৯ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর সবাই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।
রোববার (৬ জুলাই) বিকেলে গ্রামের বিভিন্ন বয়সী শিশুরা খেলতে গিয়ে সড়কের পাশে থাকা একটি জিয়ালা গাছের ফল কাঠবাদাম ভেবে খেয়ে ফেলে। মিষ্টি স্বাদের হওয়ায় তারা বেশ কয়েকটি করে ফল খায়। তবে তখন কোনো শারীরিক সমস্যা দেখা না দিলেও সন্ধ্যায় বাড়ি ফেরার পর একে একে শিশুদের তীব্র পেটব্যথা ও বমি শুরু হয়। বিষয়টি জানতে পেরে অভিভাবকরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে রয়েছে মোস্তাকিন (১২), কাফি (১২), আমেনা খাতুন (৩), হালিমা (৯), রক্তিমা (১১), রিয়াদ (১১), ফেরদৌস (১০), ফুয়াদ (১২) ও মোস্তাকিম (৯)। বাকি অসুস্থ শিশুদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিভাবকরা জানান, জিয়ালা গাছের ফল মানুষের জন্য ক্ষতিকর—এ বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। শিশুরাও ফলটিকে কাঠবাদাম মনে করেই খেয়েছিল।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উমর ফারুক জানান, জিয়ালা বা বার্বাডোজ নাট গাছের ফল ও পাতা খেলে পেটব্যথা, বমি এবং মারাত্মক ডায়রিয়া হতে পারে। অসুস্থ শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে