
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখা, জনসাধারণকে নিরবচ্ছিন্ন নাগরিক সেবা প্রদান এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এসব ইউনিয়নে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী থেকে গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক নথিতে এ তথ্য পাওয়া গেছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের প্রস্তাব করা হয়েছে।
নথি অনুযায়ী, গলাচিপা উপজেলার ১ নম্বর আমখোলা ইউনিয়ন পরিষদে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ইউসুফুল ইসলাম, ২ নম্বর গোলখালী ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইউম , ৪ নম্বর রতনদী তালতলী ইউনিয়ন পরিষদে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালীউল ইসলাম এবং ৭ নম্বর চিকনিকান্দি ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারকে প্রশাসক হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়েছে।
নথিতে উল্লেখ করা হয়েছে, মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।