
প্রকাশিত
গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় স্বামী ও তার পরিবারের সদস্যদের নির্যাতনে আহত হওয়ার অভিযোগে দীর্ঘ ২০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গৃহবধূ হোসনেয়ারা। একই সঙ্গে চিকিৎসা ও আর্থিক সংকটে ভুগছে তার দুই বছরের শিশু ফাতেমাও। স্বজনেরা কাছে থাকলেও মা ও শিশুটির খোঁজখবর নিচ্ছেন না এবং চিকিৎসার ব্যয়ভারও বহন করছেন না পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টোকাই তবক গ্রামের ইউনুছ পহলানের বাড়িতে। গত ২৫ সেপ্টেম্বর স্বামী মাসুদ রানার বাড়িতে পারিবারিক দ্বন্দ্বের জেরে নির্যাতনের শিকার হন গৃহবধূ হোসনেয়ারা।পরে স্থানীয়রা আহত হোসনেয়ারা ও তার দুই বছরের শিশু ফাতেমাকে হাসপাতালে ভর্তি করেন।
এরপর থেকে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকায় শারীরিক ও মানসিক কষ্টের পাশাপাশি আর্থিক সংকটেও পড়েছেন মা ও শিশু।
অভিযোগ অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা তাদের চিকিৎসার খরচ বহন করছেন না কিংবা নিয়মিত খোঁজখবরও নিচ্ছেন না। ফলে অসুস্থ অবস্থায় মা ও শিশুটিকে চরম ভোগান্তির মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে।
এ অবস্থায় মা ও শিশুর সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন স্বজন ও স্থানীয়রা।