
প্রকাশিত ২৩ এপ্রিল ২০২৫
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীকে কুপ্রস্তাব দেয়ার কথা জিজ্ঞাসা করায় স্বামীকে মারধর করার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কল্যানকলস গ্রামে। গত রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে কল্যানকলস গুচ্ছ গ্রামে (আবাসনে) এ ঘটনা ঘটে। আহত আমিন গাজী (৩৫) হচ্ছেন কল্যানকলস গ্রামের আব্দুল ছালাম গাজীর ছেলে। এ বিষয়ে আহত আমিন গাজী বলেন, আমার স্ত্রীকে প্রায় সময়ই মোবাইল ফোনে আমাদের গুচ্ছ গ্রামের (আবাসনের) বাসিন্দা মো. সোহাগ মিয়া অনৈতিক সম্পর্কে জড়ানোর জন্য কুপ্রস্তাব দেয়। আমার স্ত্রী রাজী না হয়ে আমাকে বিষয়টি জানালে আমি সোহাগের কাছে জিজ্ঞাসা করলে সোহাগ, সাগর, রূপবান সহ কয়েকজন একত্রিত হয়ে আমাদের বাসার সামনে এসে আমাকে মারধর করে। আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে আমিন গাজীর স্ত্রী নুপুর আক্তার বলেন, সোহাগ আমার মোবাইল নম্বর সংগ্রহ করে প্রায়ই আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। আমি তাকে এ ধরণের কথা বলতে নিষেধ করা সত্বেও সে থামে নাই। সোহাগের মাত্রা বেড়ে গেলে আমি বিষয়টি আমার স্বামীকে বলি। আমার স্বামী সোহাগকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সোহাগ দলবল নিয়ে আমার স্বামীকে মারধর করে। নুপুর আক্তার আরো জানান, এ বিষয়ে কলাগাছিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। এ বিষয়ে অভিযুক্ত সোহাগ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। মারধরে আহত গৃহবধূর স্বামী মো. আমিন গাজী কে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহউদ্দিন বলেন, আহত আমিন গাজী আমার চিকিৎসাধীনে হাসপাতালের ৩য় তলায় ১১ নম্বর বেডে ভর্তি আছে। তার শরীরের বিভিন্ন অংশে ফুলাজখম সহ কালো কালো দাগ আছে। এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ড কল্যানকলস গ্রামের ইউপি সদস্য সরোয়ার হোসেন তালুকদার বিষয়টির সত্যতা স্বীকার করেন। কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল ইসলাম সিকদার বলেন, দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।