
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট, এক পোটলা গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) সোহান আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. জহিরুল ইসলামের (৪৫) পরিচালিত দোকানে তল্লাশি চালিয়ে দুই পিস ইয়াবা ট্যাবলেট, এক পোটলা গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—দোকানমালিক মো. জহিরুল ইসলাম (৪৫), মো. রবিউল মিয়া (২৯) ও মো. আল আমিন (৩০)। তাঁরা সবাই গলাচিপা পৌরসভার সাগরদী রোড এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, আটকের পর সোমবার (৯ নভেম্বর) বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে জহিরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর দুই আসামি রবিউল মিয়া ও আল আমিনকে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকবিরোধী অভিযানে আটক তিনজনের বিরুদ্ধে তাৎক্ষণিক বিচারিক প্রক্রিয়ায় এ সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।