
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় গুয়াবাড়ীয়া এ.বি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোশাররফ হোসাইনের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই শিক্ষক।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় গলাচিপা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গুয়াবাড়ীয়া এ.বি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোশাররফ হোসাইন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে ‘মাসুম আহমেদ মীরা’ নামের একটি আইডিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকে তার ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে আপলোড করা হয়েছে। বিষয়টি তার দৃষ্টিগোচর হওয়ার পর তিনি সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এমন কর্মকাণ্ড করা হয়েছে বলে অভিযোগ করেন।
তিনি আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে গুয়াবাড়ীয়া এ.বি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সাধারণ সম্পাদক এবং পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সামাজিক মর্যাদা নষ্ট ও তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন ছবি-ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, “আমি কোনো অন্যায় করিনি বা করার ইচ্ছাও আমার নেই। আমার সম্মানহানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আমার ছবি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও তৈরি করা হয়েছে। এসব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অভিযোগের বিষয়ে তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের ব্যবস্থা করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক জানান, এ ঘটনায় এখনো তিনি কোনো আইনি পদক্ষেপ নেননি।
উল্লেখ্য, গুয়াবাড়ীয়া এ.বি বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মো. ইউসুফ মোল্লা।