
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
মঙ্গলবার রাত ৯টার দিকে চালবাহী একটি ট্রলারের ধাক্কায় ব্রিজটি ভেঙ্গে যায়। নয়া দিগন্ত
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে চালবাহী একটি ট্রলারের ধাক্কায় উপজেলার গজালিয়া ও ডাকুয়া খালের উপর থাকা ব্রিজটি ভেঙ্গে যায়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে গলাচিপা পৌরসভার গোডাউন থেকে চর কাজল ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের ফেয়ার প্রাইস কার্ডের চাল নিয়ে একটি ট্রলার রাবনাবাদ নদীর শাখা গজালিয়া খাল দিয়ে চরকাজলের শিবা এলাকার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে চালকের অসাবধানতাবশত ট্রলারটি ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে প্রকট শব্দে ব্রিজটি ভেঙে পানিতে পড়ে যায়।
জানা গেছে, ব্রিজটির উপর একটি ট্রাক উঠলে ব্রিজটির কিছু অংশ ভেঙ্গে পানিতে পড়ে চালক আহত হয়। পরে, স্থানীয় গজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: হাবিবুর রহমানের উদ্যোগে কাঠ দিয়ে মেরামত করে ব্রিজটি চলাচলের উপযোগী করা হয়।
সাবেক চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ফকু মিয়া জানান, তার মেয়ে গলাচিপা সরকারি কলেজে পড়াশোনা করে। ব্রিজটি ভেঙে যাওয়ায় তাকে এখন গজালিয়া বাজার হয়ে ঠাকুর বাজার ঘুরে গলাচিপায় যাতায়াত করতে হবে। কলেজ ছাত্র রোমান গাজীও একই দুর্ভোগের কথা জানান।
স্থানীয় শিক্ষক চান মিয়া জানান, এ ব্রিজটি দিয়ে দৈনিক ২৫০ থেকে ৩০০ মোটরসাইকেল ও ইজিবাইক চলাচল করে। কলাগাছিয়া ইউনিয়নের অধিকাংশ জনসাধারণ এবং গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল, দক্ষিণ চরচন্দ্রাইল, ইছাদি, কাটাখালী ও হরিদেবপুর গ্রামের আড়াই থেকে তিন হাজার মানুষ প্রতিদিন এ পথ ব্যবহার করেন।
ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ অনেককে জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পারাপারের মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে।
এ বিষয়ে গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাবিবুর রহমান বিশ্বাস জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ মানুষ এ ব্রিজ দিয়ে যাতায়াত করেন। এদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরাও রয়েছেন।
এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকৌশলী মো: হাবিবুর রহমান জানান, অতি দ্রুত ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করে দেয়া হবে।