
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি,
পটুয়াখালীর গলাচিপায় তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে ইলিশ রক্ষা ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলেদের হাতে এই সব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি সহায়তার প্যাকেজে ১২ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ, ১৬ কেজি আলু এবং ৮ কেজি মসুর ডাল দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। তিনি নিজ হাতে জেলেদের মাঝে এই সব সামগ্রী বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এবং উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সী। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে এবং অভয়াশ্রমগুলো নিরাপদ রাখতে হলে নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ রাখতে হবে। জেলেদের এই সময়ের কষ্ট লাঘব করতেই সরকার এই ধরণ এর মানবিক সহায়তা দিচ্ছে। তারা জেলেদের আইন মেনে চলার এবং জাতীয় সম্পদ রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। এই সহায়তা প্রান্তিক জেলেদের পরিবারে স্বস্তি আনবে বলে আশা প্রকাশ করেন তারা।