
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের চান্দেরহাট খোলা এলাকার স্লুইসগেট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামিম মোল্লার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া তার মায়ের সঙ্গে কলাগাছিয়া থেকে অটোরিকশাযোগে আমখোলায় নানাবাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে গেলে সে গুরুতর আহত হয়। পরিবারের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা শিশুটির মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান। সুমাইয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আল হেলাল সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।