
প্রকাশিত
আইনাল ইসলাম।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুর গণসংযোগ মিছিলে অপ্রত্যাশিত ঘটনার জেরে বিএনপির নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) পৌর শহরে গণসংযোগ মিছিল চলাকালে মিছিলের সামনে এগিয়ে যাওয়াকে কেন্দ্র করে পৌর কৃষক দলের সভাপতিকে প্রকাশ্যে গালে সপাটে থাপ্পড় মারার অভিযোগ ওঠে প্রার্থীর বিরুদ্ধে।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়।
একই দিনে মিছিলে দলের আরেকজন প্রবীণ সমর্থককেও সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার দৃশ্যও ছড়িয়ে পড়ে। এতে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।
দলীয় নেতাকর্মীরা বলছেন, ভুল জায়গায় মনোনয়নের কারণেই আজ দল এমন পরিস্থিতিতে পড়েছে। তৃণমূল কর্মী হাবিব বলেন,
“১৬ বছর আমরা মামলা-হামলা সহ্য করেছি, প্রার্থী, কোনো মামলা খাইনি। আজ সেই প্রার্থীর হাতেই লাঞ্ছিত হতে হলো। এমন প্রার্থীকে ভোট দিতে বলা হলে তৃণমূল তা মেনে নেবে না।”
আরেক নেতা বলেন,
“নির্বাচিত হওয়ার আগেই যিনি নিজেকে এমপি মনে করেন, তিনি এমপি হলে গফরগাঁও বিএনপি নিরাপদ থাকবে না।”
ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে তীব্র আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া চলছে। এখনো পর্যন্ত প্রার্থীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।