
প্রকাশিত
নিজস্ব প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, সরকারি দায়িত্বে অবহেলা এবং অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ মোঃ কায়সার হাসান খান (ইমরান) ২০২৫–২০২৬ অর্থবছরে মোট ৮৯ দিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ এই অনুপস্থিতির কারণে হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালে দায়িত্ব পালন না করে তিনি অধিকাংশ সময় ময়মনসিংহ শহরে অবস্থান করছেন এবং সেখানে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন। সরকারি চাকরিতে থেকে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থেকে ব্যক্তিগত প্র্যাকটিসে ব্যস্ত থাকার বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, শুধু অনুপস্থিতিই নয়, সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং দায়িত্বশীল কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
এতে কর্মপরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি প্রশাসনিক শৃঙ্খলাও প্রশ্নের মুখে পড়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে ইতোমধ্যে ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (কৈফিয়ত তলব) প্রদান করা হয়েছে। নোটিশে তাকে ৩ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“সরকারি হাসপাতালে জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করার দায়িত্বে থাকা একজন চিকিৎসক যদি নিয়মিত অনুপস্থিত থাকেন এবং অন্যত্র প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকেন, তাহলে সাধারণ রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হন। এটি জনস্বার্থের পরিপন্থী এবং দায়িত্বের চরম অবহেলা।”
এলাকাবাসীর একাংশ জানিয়েছেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,
প্রাপ্ত অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি চাকরিবিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে যখন সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে, ঠিক সেই সময়ে দায়িত্বে অবহেলা ও অনিয়মের এমন অভিযোগ গফরগাঁওয়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে বলে সচেতন মহল মনে করছেন।