
প্রকাশিত
আইনাল ইসলাম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু।
বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন।
সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এমপি আখতারুজ্জামান বাচ্চু বলেন,সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, উপজেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সেবার মান বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যেসব সমস্যা দ্রুত সমাধানযোগ্য, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন, গফরগাঁও থানা-র ওসি আসম আতিকুর রহমান, পাগলা থানা-র ওসি আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জনদুর্ভোগ লাঘব ও উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়াতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।