

প্রকাশিত
আইনাল ইসলাম ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই মসজিদের ভেতরে থাকা মূল্যবান সামগ্রী পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর গফরগাঁও স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৩টার দিকে খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনে মসজিদের ভেতরে থাকা কার্পেট, জেনারেটর, ফ্যান, আসবাবপত্র এবং কোরআন শরিফসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় মসজিদের কিছু টিন অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে স্থানীয়দের একটি অংশের দাবি, কোনো স্বার্থান্বেষী মহল এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও মুসল্লিরা।
ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।


















আপনার মতামত লিখুন :