
প্রকাশিত
আয়নাল ইসলামঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (৪৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার দুগাছিয়া এলাকার শাখচুড়া বাজারসংলগ্ন গফরগাঁও-হোসেনপুর সড়কের চৌরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম উপজেলার দিগিরপাড় এলাকার জালালের ছেলে। তিনি স্থানীয় গলাকাটা বাজারে কাঠের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গফরগাঁও-হোসেনপুর সড়কের চৌরাবাড়ি এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। আহতদের মধ্যে জহিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে অ্যাম্বুলেন্সে করে নেওয়ার পথে বালিপাড়া এলাকায় পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অপর তিনজনের মধ্যে চর মসলন্দ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ইলিয়াসের পরিচয় জানা গেছে। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ গফরগাঁও থানা-পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।