

প্রকাশিত
আয়নাল ইসলাম, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বগির সংযোগ হুক ভেঙে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও ও ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী রেলপথে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। পরে ধলা রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে ২৬৮/৭ কিলোমিটার এলাকায় ট্রেনটির দুটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ১০১৪ ও ১০২৮ নম্বর বগি ট্রেনের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
চালক বিষয়টি বুঝতে পেরে দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ফলে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বগি বিচ্ছিন্ন হয়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হয়। এ সময় ওই রুটের অন্যান্য ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকা পড়ে থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. হানিফ মিয়া বলেন, গফরগাঁও ও ধলা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে তিস্তা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগির সংযোগ হুক ভেঙে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন। পরে রেলওয়ের কর্মীরা বিচ্ছিন্ন বগিগুলোর সংযোগ মেরামতের কাজ করেন। মেরামত শেষে ট্রেনটি পুনরায় দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচ এম বাসারও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।