
প্রকাশিত
আয়নাল ইসলাম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. সাকিবুল হাসান (১৭) বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর নদীর পাড় সংলগ্ন একটি জঙ্গল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশ।
নিহত সাকিবুল হাসান পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের চরকাটিহারী গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন থেকে চার মাস আগে সাকিবুল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। প্রশিক্ষণকালীন সময়ে হঠাৎ তার মানসিক সমস্যা দেখা দিলে কর্তৃপক্ষ তাকে পরিবারের কাছে পাঠিয়ে দেয়। এরপর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন।
প্রতিবেশী রতন মিয়া জানান, সেনাবাহিনীতে যোগদানের পর প্রশিক্ষণের সময় সাকিবুলের মানসিক অবস্থার অবনতি ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন নিধিয়ারচর এলাকার একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”