
প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাছ কাটার সময় ডালের আঘাতে মোস্তাফা (৪৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফা গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের মৃত শামসুল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ধামাইল গ্রামের শাহজাহান নামে এক ব্যক্তির বাড়িতে গাছ কাটার কাজ করতে যান মোস্তাফাসহ ৪-৫ জন শ্রমিক। বেলা সাড়ে ১১টার দিকে একজন শ্রমিক লম্বা একটি গাছে উঠে বড় একটি ডাল কাটছিলেন।
এ সময় নিচে অবস্থান করে মোস্তাফাসহ তিনজন শ্রমিক দড়ি টানছিলেন।
একপর্যায়ে কাটা ডালটি নিচে পড়ে গেলে অন্য দুই শ্রমিক দ্রুত সরে যেতে সক্ষম হলেও মোস্তাফা ডালের আঘাতে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি দুর্ঘটনাজনিত হওয়ায় পুলিশ বিষয়টি তদন্ত করছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সেখ বলেন, “গাছ কাটার সময় অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”