

প্রকাশিত
আইনাল ইসলাম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের লেঞ্জি পুল সংলগ্ন একটি কাঁচা রাস্তার পাশে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় পথচারীরা। পরে তারা বিষয়টি আশপাশের লোকজনকে জানালে গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম সবুজ মিয়া (৫৮) তিনি ত্রিশাল উপজেলার কুর্শানগর এলাকার কাশিগঞ্জ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম তৈয়ব উদ্দিন এবং মাতার নাম সাফিয়া খাতুন।
গফরগাঁও থানার এক কর্মকর্তা জানান, ঘটনাটি প্রাথমিকভাবে রহস্যজনক মনে হচ্ছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার সকল দিক খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


















আপনার মতামত লিখুন :