
প্রকাশিত
আইনাল ইসলাম,।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের বখুরা হরদারবাড়ি এলাকায় উচ্চ শব্দে গানবাজনা ও মেলার মাইকিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক মসজিদের ইমামের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ মে) এশার নামাজের সময় এ ঘটনা ঘটে।
আহত ইমাম স্থানীয় পুখুরিয়া মাদরাসার নূরানি বিভাগের একজন শিক্ষক। এলাকায় তিনি অত্যন্ত নিরহংকার, ভদ্র ও দ্বীনদার মানুষ হিসেবে পরিচিত বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ চলাকালে মহল্লার কিছু যুবক উচ্চ শব্দে গানবাজনা ও মেলার মাইকিং করছিল। এ সময় ইমাম শান্তভাবে শব্দ কমাতে অনুরোধ করলে কয়েকজন যুবক ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় মুসল্লিরা বলেন, “এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শিষ্টাচার ও মানবতার ওপরও আঘাত।”
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে স্বজনরা জানিয়েছেন, তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।