গফরগাঁওয়ের পাইথলে স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের ‘হাঁস’ প্রতীকের বিশাল জনসভা


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০২-০৭, ১১:৪১ পূর্বাহ্ন /
গফরগাঁওয়ের পাইথলে স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের ‘হাঁস’ প্রতীকের বিশাল জনসভা
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বটতলা বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী ও জনপ্রিয় জননেতা এবি সিদ্দিকুর রহমানের ‘হাঁস’ প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পাইথল ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় গয়েশপুর বটতলা বাজারে নিজ ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভার শুরুতেই স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা ফুল দিয়ে এবি সিদ্দিকুর রহমানকে বরণ করে নেন। পুরো এলাকা তখন ‘হাঁস’ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বক্তারা তাদের বক্তব্যে এবি সিদ্দিকুর রহমানের বিগত দিনের সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে থাকার আপসহীন ভূমিকার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমান বলেন,
“আমি আপনাদেরই সন্তান। গফরগাঁওয়ের উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং থাকবো। অবহেলিত এই জনপদকে একটি আধুনিক ও বৈষম্যহীন এলাকায় রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। আপনাদের সমর্থনেই আমি এই শেষ বয়সে নির্বাচনে এসেছি। তাই আগামী নির্বাচনে ‘হাঁস’ প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।”
এসময় আরও বক্তব্য দেন জননেতা মুশফিকুর রহমান। তিনি বলেন,
“আমার বাবা মরহুম ফজলুর রহমান সুলতান সারাজীবন আপনাদের ভালোবেসে আপনাদের পাশে ছিলেন। আজ আমি তার সন্তান হিসেবে আমার বাবার হয়ে এবং আমার চাচা এবি সিদ্দিকুর রহমানের জন্য আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছি। আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমার চাচাকে আপনাদের খেদমত করার সুযোগ করে দেবেন।”
জনসভায় উপস্থিত সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় এক প্রবীণ ভোটার বলেন,
“এবি সিদ্দিকুর রহমান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমরা পরিবর্তন চাই এবং তার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।”
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জনসভা শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি গয়েশপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জনসভার মাধ্যমে পাইথল এলাকায় ‘হাঁস’ প্রতীকের অবস্থান আরও শক্তিশালী হলো।