
প্রকাশিত, ৭ অক্টোবর ২০২১
খুলনা জেলা প্রতিনিধি ঃ
খুলনায় সাড়ে ২২ কোটি টাকা মূল্যের প্রায় সোয়া দুই কেজি কোকেন উদ্ধারের মামলায় ১ আসামিকে ফাঁসি, ১ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদেরকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত আসামি বিকাশ চন্দ্র বিশ্বাসকে ফাঁসি ও ১ লাখ টাকা জরিমানা, আসামি মোঃ সোহেল রানাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। আসামি আরিফুর রহমান সগিরকে ১৫ বছর, আসামি বিকাশ চন্দ্র মন্ডল, ফজলুর রহমান ফকির ও এস এম এরশাদকে ১০ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।
আদালতের পিপি অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০১৭ সালের ১২ আগস্ট র্যাব সদস্যরা খুলনা নগরীর ময়লাপোতা মোড় থেকে ২৩০ গ্রাম কোকেনসহ মোঃ সোহেল রানাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর গগণ বাবু রোড থেকে আরিফুর রহমান ছগিরকে আটক করা হয়। এরপর ছগিরের দেয়া তথ্য অনুযায়ী দাকোপ উপজেলার চালনা বাজার এলাকা থেকে বিকাশ চন্দ্র মন্ডল, ফজলুর রহমান ফকির ও এস এম এরশাদ হোসেনকে আটক করা হয়।
পরে তাদের তথ্য অনুযায়ী, রূপসা উপজেলার রাজাপুর থেকে ২ কেজি ২০ গ্রাম কোকেনসহ বিকাশ চন্দ্র বিশ্বাসকে আটক করে র্যাব। এ ঘটনায় র্যাবের ডিএডি মোঃ রবিউল ইসলাম বাদি হয়ে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি মোঃ বজলুর রশীদ ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর ৬ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। ####
বাবুল আকতার
খুলনা