

প্রকাশিত
বাবুল আকতার
খুলনা ব্যুরো :
খুলনা নগরীতে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে। পরপর দুই হত্যাকান্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতরা হলেন, ২১ বছর বয়সী যুবক মঞ্জুরুল ইসলাম ও ১৯ বছর বয়সী আরেক যুবক নাজমুল হোসেন।
বুধবার সন্ধ্যায় আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নিহত হন। এর প্রায় আধা ঘণ্টা পর ঘটনাস্থলের ৩০০ গজ দূরে গুলিতে নিহত হন নাজমুল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে আশিবিঘা এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে মঞ্জুরুল ইসলাম লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় আরো তিন ব্যক্তিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। অন্যদিকে রাত ৮টায় লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় একটি বাড়ির গলির বাউন্ডারীর পাশে দূর্বৃত্তের গুলিতে নাজমুল হোসেন নামের এক যুবক নিহত হয়।
পরপর দুই হত্যাকান্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
কেএমপির সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান, দুই হত্যাকান্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।
।