
প্রকাশিত
নোমান আহমেদ (সিলেট)কোম্পানীগঞ্জঃ
অদ্য ২১ মে ২০২৫, বুধবার, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে ইসলামিক রিলিফ বাংলাদেশের তত্ত্বাবধানে এবং উপজেলা সমবায় দপ্তরের সহযোগিতায় নতুন একটি মহিলা সমবায় সমিতি (এপেক্স বডি) গঠনের লক্ষ্যে সংগঠন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ আক্তার হোসেন এবং সঞ্চালনা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশের সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ সোহেল রানা।
সভার শুরুতে ইসলামিক রিলিফ বাংলাদেশের জেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ ওহিদুল ইসলাম ইসলামিক রিলিফের কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন। এরপর প্রকল্প কর্মকর্তা মো: আব্দুল হাই আরিফ এপেক্স বডির লক্ষ্য, উদ্দেশ্য ও গঠন প্রক্রিয়া নিয়ে বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ আবু সাঈদ মিয়া বলেন, “কোম্পানীগঞ্জ উপজেলায় বর্তমানে অন্য কোনো মহিলা সমবায় সমিতি নেই। এই নতুন সমিতি উপজেলায় ইতিবাচক পরিবর্তনে সহায়ক হবে বলে আমি আশাবাদী।”
প্রধান অতিথি জেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ রহিম উদ্দীন তালুকদার সমবায় অধিদপ্তরের প্রশিক্ষণ ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং ভবিষ্যতে সমিতি পরিচালনায় যেসব চ্যালেঞ্জ আসতে পারে, তা মোকাবিলার উপায় সম্পর্কে ধারণা দেন।
সভাপতির সমাপনী বক্তব্যে জনাব মোঃ আক্তার হোসেন ইসলামিক রিলিফ বাংলাদেশকে এ ধরনের গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং এই সমবায় সমিতিকে সিলেটের সেরা সমিতিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উক্ত সভায় ইসলামিক রিলিফ বাংলাদেশের কোম্পানীগঞ্জ উপজেলার ২৫০০ অধিকারভোগী নিয়ে গঠিত ১০০টি নারী স্বনির্ভর দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তাদের সম্মতিতে ২৪ সদস্যবিশিষ্ট একটি সাধারণ কমিটি এবং ১২ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন—
সভাপতি: আজিমা বেগম
সহ-সভাপতি: অমৃত রানী দাস
সাধারণ সম্পাদক: নাছিমা আক্তার
কোষাধ্যক্ষ: তানিয়া আক্তার
মহিলা সমবায় সমিতিটি সমবায় অধিদপ্তরের নিবন্ধন লাভের পর পর্যায়ক্রমে ২৫০০ অধিকারভোগীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করবে। তারা বিভিন্ন দলভিত্তিক আয়বর্ধক কার্যক্রম পরিচালনা করবে এবং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবে।
সভায় ইসলামিক রিলিফ বাংলাদেশের কোম্পানীগঞ্জের সকল কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।