প্রকাশিত,১৭, অক্টোবর,২০২২
আশিকুর রহমান (ষ্টাফ রিপোর্টারঃ
মানুষ ভজলে সোনার মানুষ হবি’ বাউল সম্রাট ফকির লালন শাহের এই আধ্যাত্মিক বাণীর শ্লোগানের মধ্যে দিয়ে ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার আখড়াবাড়ীতে আজ সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহাসিক লালন স্মরণোৎসব।
আজ সোমবার সন্ধ্যায় অওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এই উৎসবের উদ্বোধন করবেন। এবারও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এ লালন স্মরণোৎসবের আয়োজন করেছে। প্রতিদিনই আঘড়াবাড়ীর মূলমঞ্চে আলোচনা সভার পাশাপাশি একাডেমির শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করবেন।
প্রতিবারের মতো এবারও আধ্যাত্মিক গুরু ফকির লালনকে স্মরণ ও তার দর্শন পাওয়াসহ অচেনাকে চেনা, জ্ঞান আহরণ, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষে দেশ-বিদেশের হাজারো লালন অনুসারী, ভক্ত, অনুরাগী আর দর্শনার্থীরা আখড়াবাড়িতে এসে জড়ো হয়েছেন। অন্যদিকে, আখড়াবাড়ী চত্বরে কালী নদীর তীরে মাঠে বসেছে বিশাল লালন মেলা।
ফকির লালন শাহের স্মরণোৎসবে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, এই উৎসবকে ঘিরে আখড়াবাড়ীতে লাখো মানুষের সমাগম হয়। তাই, উৎসবকে নির্বিঘ্ন করতে সিসি টিভি, ওয়াচ টাওয়ারসহ কয়েকস্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাই খুব সুন্দরভাবে তিনদিনের এই লালন উৎসব উপভোগ করতে পারবেন।
আজ থেকে শুরু হওয়া লালন উৎসব শেষ হবে আগামী ১৯ অক্টোবর রাতে অবধি।
উল্লেখ্য, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক আধ্যাতিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর থেকে প্রতিবছর এ উৎসব আয়োজন করে আসছে তার অনুসারীরা ও ভক্তগন।