
প্রকাশিত
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন ব্যক্তি। গরুভর্তি একটি পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এছাড়া পিকআপে থাকা ছয়টি গরুও ঘটনাস্থলেই মারা গেছে।
সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার কুমড়াদী গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৩৫), আবু সাইদ খুরশিদ (৩৯) ও আব্দুস ছোবান খোকন (৩৯)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭৯২) সুখিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুভর্তি একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় পিকআপটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন আরও দুইজন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
এদিকে দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা যায়, যা ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সেগুলো কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জাহিদ হাসান মুক্তার পাকুন্দিয়া,(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মোবাইল নং ০১৭১৪৩৮০৬৯