
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় তীর্থস্থান ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন করেছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
শনিবার (১৪ মার্চ ২০২৬) তিনি ওড়াকান্দি ঠাকুর বাড়ি এলাকা পরিদর্শন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তীর্থস্থানে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ওড়াকান্দি ঠাকুর বাড়ি বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় তীর্থস্থান হিসেবে পরিচিত। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তাঁর পুত্র সমাজ সংস্কারক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান হওয়ায় স্থানটি ধর্মীয় ও ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক ও শিক্ষাগত উন্নয়নের লক্ষ্যে মতুয়া আন্দোলনের সূচনা এখান থেকেই হয়।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল)সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।