
প্রকাশিত
আজাদ নাদভী,স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরে ঐতিহ্যবাহী সৈয়দপুর জামেয়া এমদাদিয়া মাদরাসার কমিটি নিয়ে দ্বন্দের শান্তিপূর্ণ সমাধান চেয়েছেন এলাকাবাসী ও মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীরা।
২০২৪ সালের ৪ আগস্ট নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়। গত ১৫ ই আগস্ট শুক্রবার জুময়ার নামাজের পর নির্বাচিত কমিটির কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান উক্ত নির্বাচিত কমিটির সভাপতি, সেক্রেটারি ও প্রিন্সিপালের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগে তুলে ধরেন। কিন্তু সভাপতি ও সেক্রেটারি উপস্থিত না থাকায় ভুলবোঝাবুঝির কারনে রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন খান খোকনের ঘোষণায় কমিটি বাতিল করে এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোক বলেন, ভুল-বোঝাবুঝির কারণে ৭৫ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট হোক তা আমরা চাইনা, পূর্বপুরুষেরা অনেক কষ্ট ও ত্যাগের বিনিময়ে এটাকে প্রতিষ্ঠা করেছেন তাদের সেই ত্যাগ বিফলে যাক সেটাও আমরা চাইনা। প্রতিষ্ঠানটি নিয়ে কোন রাজনীতি বা ক্ষমতায়ন দেখতে চাইনা। সুষ্ঠু সমাধানের মাধ্যমে দু'পক্ষ মিলেমিশে প্রতিষ্ঠানটি পরিচালনা করলে অত্র অঞ্চলে প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
কমিটির সেক্রেটারি মো. বেলাল হোসাইন বলেন, গত মাসিক সভায় কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান কিছু মৌখিক অভিযোগ করেছিলেন, সভাপতি সাহেব সেটাকে লিখিত আকারে পেশ করতে বলেন এবং তিনি বলেন তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আর অভিযোগ প্রমানিত না হলে তার কারন দর্শাতে হবে।
কিন্তু তিনি লিখিত অভিযোগ না দিয়ে গত শুক্রবার হঠাৎ মসজিদে আলোচনার আয়োজন করেন এবং লোক মারফত আমকে ও সভাপতিকে উপস্থিত থাকতে বলেন। আমরা আসার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু প্রশাসন ও বিশ্বস্ত সূত্রে জানতে পারি আমরা সেখানে উপস্থিত হলে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা সেখানে যাইনি। আমরাও চাই শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানটির ঐতিহ্য ধরে রাখতে।