
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
মঙ্গলবারের উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনার পর গোপালগঞ্জে ফিরেছে স্বাভাবিক পরিবেশ। বুধবার সকাল থেকে জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবির সদস্যরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।
এদিকে, মঙ্গলবারের ঘটনাকে কেন্দ্র করে বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। তিনি আরও জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ সুপার বলেন, গোপালগঞ্জ একটি শান্তিপ্রিয় জেলা। অল্পসংখ্যক কিছু মানুষ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। তাদের কারণে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
মঙ্গলবারের উত্তেজনাকর পরিস্থিতির পর বুধবার জেলায় শান্ত পরিবেশ ফিরে এলেও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারি অব্যাহত রয়েছে।