
প্রকাশিত
আয়নাল ইসলাম,।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া, হামদ-নাত, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, কবিতা পাঠ এবং পুরস্কার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবকল্যাণে তাঁর অবদান এবং ইসলামের শান্তি ও সাম্যের বার্তা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, তাঁর জীবন ও কর্ম মানবজাতির জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা হৃদয়স্পর্শী হামদ ও নাত পরিবেশন করে নবীপ্রেমের বহিঃপ্রকাশ ঘটায়। এছাড়া মহানবী (সা.)-এর জীবন, কর্ম এবং ইসলামের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, হেলাল উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
সহকারী শিক্ষক শাহ মো. হেমায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. মনজুর হোসেন, মোহতাসিন বিল্লাহ, মনোয়ার হোসেন (শরীরচর্চা শিক্ষক), শ্রী প্রাণ কৃষ্ণ দাস, রোমা আক্তার, পূজা রায়, আরাফাত হোসেন, শারমিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মহানবী (সা.)-এর আদর্শে জীবন গড়ার আহ্বান জানানো হয়।